প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬, ২৩:০০
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক ব্যতিক্রমধর্মী ও মানবিক বার্তা ছড়িয়ে পড়েছে একটি বিয়ের অনুষ্ঠানে। বিয়ের মঞ্চেই প্ল্যাকার্ড হাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন নবদম্পতি।
সোমবার (৫ জানুয়ারি) ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামের মো. সুজন বিশ্বাসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের ভিপি কুররাতুল আইন কানিজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে বর–কনে তাঁদের হাতে ‘জাস্টিস ফর ওসমান হাদি’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সুজন বিশ্বাস চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে তিনি একটি প্রাভেইট বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে কর্মরত আছেন।
নবদম্পতির এই উদ্যোগের মাধ্যমে ওসমান বিন হাদির ন্যায়বিচারের দাবিতে তাঁদের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। আনন্দঘন এই আয়োজনে সামাজিক দায়িত্ববোধ ও মানবিক প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবদম্পতির এই সাহসী ও সচেতন উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁরা বলেন, ব্যক্তিগত আনন্দের মুহূর্তেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়।
এ সময় ভিপি কুররাতুল আইন কানিজ বলেন, হাদি ভাইয়ের ন্যায়বিচারের লক্ষ্যে আমরা আমাদের আনন্দঘন মুহূর্তেও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছি। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে।
বর মো. সুজন বিশ্বাস বলেন, আনন্দের মুহূর্ত থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে একটি বার্তা দিতে চেয়েছি। আমরা জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির বিচার চাই—এটাই আমাদের স্পষ্ট অবস্থান।
আ.হ.র/আ.আ
মন্তব্য করুন: