প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৬, ২০:৪৭
রহনপুর–ঢাকা রুটে একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি একটি ডিও লেটারের মাধ্যমে এই দাবি জানান।
সংসদ সদস্য উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ও রেলওয়ে ট্রানজিট পয়েন্ট। এই পথ দিয়ে ভারত থেকে নিয়মিত পণ্যবাহী ট্রেন বাংলাদেশে প্রবেশ করে, যার মাধ্যমে সরকার প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব অর্জন করে। তবে দুঃখজনকভাবে, রহনপুর থেকে রাজধানী ঢাকায় সরাসরি যাতায়াতের জন্য এখনো কোনো আন্তঃনগর ট্রেন চালু হয়নি।
সরাসরি ট্রেন না থাকায় স্থানীয় মানুষকে পার্শ্ববর্তী জেলা বা সদর হয়ে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয়, যা তাদের জন্য সময়সাপেক্ষ ও কষ্টকর। এ অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবী নিয়মিত ঢাকায় যাতায়াত করেন। একটি আধুনিক আন্তঃনগর ট্রেন চালু হলে তাদের সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে।
এছাড়া রহনপুর থেকে ট্রেন চালু হলে গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার পাশাপাশি নওগাঁ জেলার নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার বিপুলসংখ্যক মানুষ সরাসরি আধুনিক রেলসেবার আওতায় আসবে।
এলাকার অর্থনৈতিক গুরুত্ব ও জনস্বার্থ বিবেচনায় দ্রুত এই রুটে একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংসদ সদস্য।
আ.হ.র/আ.আ
মন্তব্য করুন: