[email protected] ঢাকা | শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৬, ১৮:৩৯

ফাইল ছবি

সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্ত:নগরসহ সকল ধরনের বাস চলাচলে ধর্মঘট ডেকেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন। শুক্রবার (২৪ এপ্রিল)  সকাল থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে এই ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে জেলার শেষ প্রান্ত বালিয়াঘাটা থেকে বিচ্ছিন্ন ভাবে কিছু বাস চলাচল করছে বলেও জানা গেছে।

জানা যায়, দীর্ঘ দিন যাবত থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে। শ্রমিকদের দাবী, উভয় সংগঠনই শ্রমিকদের কল্যাণের নামে দীর্ঘ দিন যবত বাস থেকে চাঁদা উত্তোলন করছিলেন। এই চাঁদা উত্তোলনকে কেন্দ্র করেই উভয়ের মধ্যে বিরোধ চলছিল। পরে আজকে সকাল থেকে সকল বাস চলাচলে ধর্মঘটের ডাক দেয় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন।

দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড এলাকায় গিয়ে দেখা যায়, অনেক যাত্রী বিভিন্ন রুটে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে বাস কাউন্টার বন্ধ থাকায় এবং বাস না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজিতে করে গন্তব্যে দিকে রওনা দিচ্ছেন তারা।

হাকিম নামের এক যাত্রী বলেন, বাস চলাচল বন্ধ আছে এটি জানতাম না। জরুরি কাজে রাজশাহী যেতে হবে। এখন অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এর দ্রুত সমাধান দাবী করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নেরনের সভাপতি সাইদুর রহমান বলেন, শ্রমিকদের কল্যাণেই আমরা টামিনাল থেকে চাঁদা উত্তোলন করছি এবং তা শ্রমিকদের কল্যাণেই ব্যয় হয়৷ কিন্ত হঠাৎ করেই টামিনালের বাইরে শহরের হরিপুর এলাকায় মোটরশ্রমিক ইউনিয়নের নাম দিয়ে বাস থেকে চাঁদা উত্তোলন করা হচ্ছে। এটি বন্ধের দাবী দীর্ঘদিন যাবত জানিয়ে আসছি। কিন্ত কোন সুরাহা হয়নি। তাই এটা সুরাহা না হওয়া বা টামিনালের বাইরে চাঁদা উত্তোলন বন্ধ না হওয়া পযন্ত অনিদিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

এদিকে, জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত জানান, তারা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছেন। ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যানের পাশাপাশি বাস থেকে চাঁদা নিচ্ছে। অথচ বাস থেকে চাঁদা নেয়ার অনুমতি ওই সংগঠনের নেই। তাই আজ সন্ধ্যার মধ্যে চাঁদা আদায় বন্ধ না হলে সন্ধ্যার পর থেকে বাসের পাশাপাশি ট্রাকসহ সব ধরনের পরিবহন বন্ধ করে দেয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ জানান, আমরা উভয় পক্ষকে নিয়েই বসে ছিলাম। কিন্ত উভয় পক্ষই নিজেদের সঠিক দাবি করেন বিপরীত পক্ষকে ভূল দাবি করেন। একারণে সমাধান হয়নি। তাদেরকে নিজেদের মধ্যে বসে সমাধান করতে বলা হয়েছে। এছাড়া তাদেরকে রাস্তায় চাঁদাবাজি করতে নিষেধ করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর