[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে রাবার ড্যামে গোসলে বাড়ছে ঝুঁকি, পুলিশি টহল জোরদারের অনুরোধ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৬, ১৩:২৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নবনির্মিত রাবার ড্যাম এলাকায় স্থানীয়দের অনিয়ন্ত্রিত আনাগোনা এবং জীবনের ঝুঁকি নিয়ে গোসল করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। সম্প্রতি বিপুল সংখ্যক মানুষকে ড্যামের মূল কাঠামোর ওপর দাঁড়িয়ে গোসলে মেতে উঠতে দেখা যাচ্ছে, যা একদিকে যেমন স্থাপনাটির জন্য হুমকিস্বরূপ, অন্যদিকে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা তৈরি করছে।

এই পরিস্থিতিতে সরকারি সম্পদ রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে রবিবার (২৬ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কাছে বিশেষ চিঠি পাঠিয়েছেন বাপাউবো-এর নবাবগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী।

চিঠিতে উল্লেখ করা হয় যে, বর্তমানে শুষ্ক মৌসুমে সেচকাজের জন্য নদীতে পানি সংরক্ষণের লক্ষ্যে রাবার ড্যামটি ফুলিয়ে রাখা হয়েছে। কিন্তু অনেক মানুষ কোনো ধরনের নিরাপত্তা সতর্কতা না মেনেই ড্যামের পিচ্ছিল উপরিভাগে উঠে পড়ছেন। পানির তীব্র স্রোত ও ড্যামের ঢালু কাঠামোর কারণে সেখানে অবস্থান করা অত্যন্ত বিপজ্জনক।

বাপাউবো কর্তৃপক্ষ জানিয়েছে, স্পর্শকাতর এই জাতীয় স্থাপনার ওপর অতিরিক্ত মানুষের চাপের ফলে ড্যামটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিশৃঙ্খলা রোধে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের প্রবেশ ও গোসল নিষিদ্ধ করাসহ নিয়মিত পুলিশি টহলের জোর দাবি জানানো হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হওয়ার এবং এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর