প্রকাশিত:
১২ মে ২০২৬, ১৯:৪৮
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দীর্ঘ ৩০ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন গ্রাম পুলিশ সদস্য মোঃ নজরুল ইসলাম। মঙ্গলবার (১২ মে) দুপুরে ভোলাহাট থানা পুলিশের পক্ষ থেকে এই নিবেদিতপ্রাণ কর্মীকে এক ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায়ী গ্রাম পুলিশ সদস্য নজরুল ইসলাম (৬৭) উপজেলার ১ নং ভোলাহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর ধরমপুর গ্রামের মৃত পোরা শেখের ছেলে। তিনি দীর্ঘ তিন দশক ধরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কাজের পাশাপাশি পুলিশের সহযোগী হিসেবে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তাঁর এই দীর্ঘ ও নিরবচ্ছিন্ন জনসেবার স্বীকৃতিস্বরূপ ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক থানা কার্যালয়ে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে অফিসার ইনচার্জ তাঁর হাতে সম্মাননা ও ভালোবাসার স্মারক হিসেবে জায়নামাজ, টুপি, তজবি ও আতর তুলে দেন। উপহার প্রদানের পর উপস্থিত সকলকে নিয়ে এক প্রীতি চা-চক্র ও নাস্তার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ আব্দুল বারিক তাঁর বক্তব্যে বলেন, জনাব নজরুল ইসলাম দীর্ঘ ৩০ বছর ধরে পুলিশের পাশাপাশি থেকে যেভাবে জনগণকে সেবা দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাঁর মতো অভিজ্ঞ ও পরিশ্রমী কর্মীর অবদান ভোলাহাট থানা পুলিশ কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
অনুষ্ঠানে থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশের সহকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ কর্মজীবন শেষে এমন সম্মানজনক বিদায় পেয়ে নজরুল ইসলাম আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: