[email protected] ঢাকা | রবিবার, ৩১শে মে ২০২৬, ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩১ মে ২০২৬, ১৯:১৭

শিবগঞ্জ থানা। ফাইল ছবি/সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুরে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বহালাবাড়ী ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলো, জামালের ছেলে সাফি এবং কামালের ছেলে জুনাঈদ। তারা দুজনেই নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে আপন চাচাতো ভাই। এছাড়া তারা ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে সাফি ও জুনাঈদ বাড়ির অদূরে পদ্মা নদীর বহালাবাড়ী ঘাটে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দুইজন দেখতে না পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নদীতে তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই নদী থেকে একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছিল। এর প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা নদী থেকে নিখোঁজ থাকা অন্য শিশুটিরও নিথর দেহ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা কাউসার বলেন, সাফি ও জুনায়েদ আপন চাচাতো ভাই। জুনায়েদের পিতা কামাল দিনাজপুরে ঔষধ কোম্পানিতে চাকরি করে। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজকে দুই চাচাতো ভাই নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান  বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর