প্রকাশিত:
১ জুলাই ২০২৬, ১৯:১৩
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে শখের বসে মাছ ধরতে নেমে নিখোঁজ হওয়া সাকিরুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের দীর্ঘ ২৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
বুধবার (০১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমগাছি এলাকার মহানন্দা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১টার দিকে মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় শখের বশে মাছ ধরতে যান সাকিরুল। সে সময় নদীর পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তের মধ্যেই তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিনভর উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পায়নি।
পরদিন বুধবার সকাল থেকেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার কাজ শুরু করে। অবশেষে বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমগাছি এলাকায় সাকিরুলের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গতকাল মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনী পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: