প্রকাশিত:
৪ জুলাই ২০২৬, ১৬:৩৮
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের একটি বড় প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। গত শুক্রবার (০৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।
আজ শনিবার (০৪ জুলাই) সকাল ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বিজিবি সূত্র জানায়, মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপির বিপরীতে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করা যায়। সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৬০০ গজ ভারতের অভ্যন্তরে 'মুসলিম পাড়া' নামক স্থানে হঠাৎ বিএসএফ তাদের বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে দেয় এবং সেখানে কিছু মানুষের সমাগম ঘটে। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি’র একটি টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। একই সাথে সীমান্ত ঘেঁষা বাংলাদেশের স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান নেন।
সোর্স মারফত জানা গেছে, আনুমানিক ১২ জনের একটি দল শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে মুসলিম পাড়া এলাকায় অবস্থান নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় ছিল। তবে বিজিবি এবং স্থানীয় জনসাধারণের যৌথ ও কঠোর সতর্ক অবস্থানের কারণে অনুপ্রবেশকারীরা সীমান্ত অতিক্রম করার সাহস পায়নি। পরবর্তীতে আজ শনিবার (০৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ তাদের নিজস্ব যানবাহনে করে ওই ব্যক্তিদের মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশ্যে নিয়ে যায়। বর্তমানে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উক্ত সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয় গ্রামবাসী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত দিয়ে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি তাদের টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারী জোড়দার করেছে। অত্যন্ত সতর্কতার সাথে বিজিবি সদস্যরা সীমান্তে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই অভিযানে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত ও বিশেষ সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় আগামীতেও বিজিবি ও জনগণের এই যৌথ তৎপরতা ও সতর্কতা অব্যাহত থাকবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: