[email protected] ঢাকা | শনিবার, ১১ই জুলাই ২০২৬, ২৬শে আষাঢ় ১৪৩৩
thecitybank.com

যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে গোমস্তাপুরের মাহফুজুল হক নিহত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১০ জুলাই ২০২৬, ১৯:৪৯

নিহত মাহফুজুল হক। ছবি: সংগ্রহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় মঙ্গলবার রাতে মো. মাহফুজুল হক নামে এক ব্যক্তিকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি যুক্তরাষ্ট্রের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডোরড্যাশের কর্মী ছিলেন বলে জানা গেছে।

নিহত মাহফুজুল হক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভেরি বাজার এলাকার মৃত মোজাম্মেল হক বাঘ্যু এর ছেলে। তার পিতা গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক ছিলেন এবং তার মা আনোয়ারা বেগম গোমস্তাপুর আব্দুল হামিদ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃতি সন্তান মাহফুজুল হক স্ত্রী-সন্তান নিয়ে ফিলাডেলফিয়ায় থাকতেন। স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে কিংসেসিং এলাকায় সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে তারা মাহফুজুলকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। তার মাথার পেছনে গুলির আঘাত ছিল। পাশেই ডোরড্যাশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল।

উদ্ধার করে মাহফুজুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ডোরড্যাশের কর্মকর্তারা হত্যাকাণ্ডের তদন্তে পুলিশকে সহায়তা দিচ্ছেন বলেও জানা গেছে। এদিকে মাহফুজের লাশ কানাডায় পাঠানোর প্রস্তুতি চলছে।

তার ঘনিষ্ঠজনরা কানাডায় বাস করেন। সেখানেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরিচিতজনরা জানান, মাহফুজের স্ত্রী পেনসিলভেনিয়ায় লেখাপড়া করেন। মাহফুজ সেখানে থেকে খাবার সরবরাহের কাজ করতেন।

গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হামিদুজ্জামান বলেন, যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে মারা গেছেন মো: মাহফুজুল হক। তিনি গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেরও শিক্ষার্থী ছিলেন তিনি। তার এই মৃত্যু অনাকাঙ্ক্ষিত। এই মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।

গোমস্তাপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দীন বলেন, ভেরি বাজার এলাকার বাসিন্দা দীর্ঘ দিন যাবত স্ব-পরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। হঠাৎ করেই জানতে পারি তিনি যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। বিষয়টি খুবই দু:খজনক।

এদিকে অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. মিজানুর রহমান। এক ফেসবুক পোস্টে তিনি জানান, গত মঙ্গলবার রাতে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে মাহফুজুল হক নিহত হন। প্রবাসে জীবিকার তাগিদে গিয়ে আমাদের এই রেমিট্যান্স যোদ্ধার এমন অকাল ও নির্মম মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি ছিলেন আমাদের গোমস্তাপুরের মাটির সন্তান। তাঁর এই আকস্মিক চলে যাওয়া গোমস্তাপুর তথা সমগ্র চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। ​আমি মরহুম মো. মাহফুজুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তা'আলা যেন তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন। আমিন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর