প্রকাশিত:
১১ জুলাই ২০২৬, ২২:২১
জেলাজুড়ে দিনভর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের নিম্নআয় ও দিনমজুর শ্রেণির খেটে খাওয়া মানুষ।
শনিবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের নিউ মার্কেট, বাতেন খাঁর মোড়, শান্তি মোড় ও বিশ্বরোড মোড়সহ বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। রাস্তায় মানুষের আনাগোনা অনেকটাই কম। বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।
এতে শহরের রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর এবং হকারদের আয় একপ্রকার বন্ধের উপক্রম হয়েছে। একই অবস্থা শহরের বিভিন্ন কাঁচাবাজার ও ফুটপাতের ব্যবসায়ীদেরও। ক্রেতার সমাগম কম থাকায় অনেকেই পড়ছেন লোকসানের মুখে।
এদিকে বৃষ্টির প্রভাব পড়েছে গ্রামীণ জনপদেও। মাঠে কৃষকদের কাজ ব্যাহত হচ্ছে, বিশেষ করে যারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন তারা পড়েছেন চরম অনিশ্চয়তায়।
শহরের এক রিকশাচালক বলেন, "বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী কম। আশানুরূপ ভাড়া পাচ্ছি না। তাছাড়া বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রিকশা চালানো খুব কষ্ট হয়। দিনশেষে যে আয় হচ্ছে, তা দিয়ে চাল-ডাল কেনাই কঠিন হয়ে পড়েছে।"
নাজিমউদ্দিন নামে এক পথচারী বলেন, "বৃষ্টি এভাবে চলতে থাকলে খেটে খাওয়া মানুষের খুব সমস্যা হবে। দ্রব্যমূল্যের যে দাম, সে হিসেবে আয় না থাকলে তাদের না খেয়ে থাকতে হবে। সরকারের উচিত তালিকা করে দ্রুত এসব পরিবারের পাশে দাঁড়ানো।"
বাজারের ফল ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে ক্রেতা কম। আর ফল তো পচনশীল পণ্য, বেশিদিন রাখা যায় না। যার কারণে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: