[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬, ২৯শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুৎ বিলের প্রতিবাদে মোমবাতি হাতে অবস্থান

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৬, ২২:১৯

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মোমবাতি হাতে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জেলা সদর উপজেলার শান্তিমোড়ে ‘সর্বস্তরের ছাত্র-জনতা, চাঁপাইনবাবগঞ্জ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় অংশগ্রহণকারীরা মোমবাতি হাতে নিয়ে অতিরিক্ত লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ সংকট নিরসন এবং সহনীয় বিদ্যুৎ বিল নিশ্চিত করার দাবি জানান। কর্মসূচিতে ‘এত এত লোডশেডিং, মানি না মানবো না’, ‘জনগণের অধিকার ফিরিয়ে দাও সরকার’, ‘বিদ্যুতের অধিকার বুঝিয়ে দাও সরকার’, ‘জ্বালানির অধিকার বুঝিয়ে দাও সরকার’, ‘গরমে মানুষ মরে, সরকার কী করে?’—সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, জুলাই যোদ্ধা মো. হাসান আলী, এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মাসুম আলী, জুলাই যোদ্ধা ও সাবেক সমন্বয়ক আল বসরী সোহান, বৈষম্যবিরোধী আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বায়োজীদ জীবনসহ জুলাই যোদ্ধারা।

বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে যে মাত্রায় লোডশেডিং হচ্ছে, তা আর ধৈর্য ধরে সহ্য করা সম্ভব নয়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ, শিশু, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়ছেন। এর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

তারা বলেন, ‘ডিজিটাল বাংলায় খাম্বা আছে, কারেন্ট নাই’—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। যেখান থেকেই হোক, চাঁপাইনবাবগঞ্জে পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা করতে হবে।

বক্তারা দ্রুত বিদ্যুৎ সংকট মোকাবিলা করে চাঁপাইনবাবগঞ্জকে নিরবচ্ছিন্ন, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুতের অস্বাভাবিক বিলের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তারা।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর