প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৬, ২২:৫৯
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ৪ যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (১৪ আগষ্ট) দুপুরে পৌরসভার নামোশংকরবাটি কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকরা হলো, পৌরসভার আরামবাগ ঈদগাহ এলাকার শফিকুল ইসলামের ছেলে সাজু আহমেদ, জাহাঙ্গীর আলমের ছেলে হাবিব আলী, মোরসালিন বিশ্বাসের ছেলে খোরশেদ আলম এবং শফিকুল আলমের ছেলে মানিক আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্র ওই এলাকায় একের পর এক বৈদ্যুতিক তার চুরি করে আসছিল। এতে পুরো এলাকার মানুষ চরম ভোগান্তি ও আতঙ্কের মধ্যে ছিলেন। শুক্রবার দুপুর ১২টার দিকে নামোসংকরবাটি কলেজপাড়া এলাকায় ওই চার যুবককে বৈদ্যুতিক তার চুরির পর পোড়াতে দেখে স্থানীয় লোকজন। এ সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
তার চুরির ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা চোরচক্রের ওই চার সদস্যকে গণধোলাই দেয়। এ সময় শাস্তি হিসেবে স্থানীয়রা তাদের মাথার চুল কেটে দেয়। তবে ঘটনার পর পুলিশ আসার আগেই আটককৃত চার যুবককে ছেড়ে দেয় স্থানীয়রা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ যাওয়ার আগেই আটককৃত চার যুবককে ছেড়ে দেয় স্থানীয়রা। তবে বৈদ্যুতিক তার চুরির বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিনি/ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: