[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৫শে আগস্ট ২০২৬, ১০ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

অটোচালক রুমনকে উদ্ধারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৬, ২২:৩০

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশাচালক রুমন আলীকে অপহরণের প্রতিবাদে এবং দ্রুত তাকে উদ্ধারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই ঘণ্টা ধরে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

মানববন্ধনে অপহৃত রুমন আলীর বাবা একরামুল হক, মা রুমালী বেগম এবং স্ত্রী নাসিমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। স্বজনরা অভিযোগ করে বলেন, গত ২১ আগস্ট পাইলিং মোড় এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশাসহ রুমন আলীকে অপহরণ করে অসীম ও তার সহযোগীরা। ঘটনার পর পুলিশ অটোরিকশাটি উদ্ধার করতে পারলেও এখন পর্যন্ত অপহৃত রুমনের কোনো সন্ধান মেলাতে পারেনি। অবিলম্বে রুমনকে জীবিত উদ্ধার এবং অপহরণে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং অপহৃতকে দ্রুত উদ্ধারের প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, অটোরিকশাচালক অপহরণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। ইতোমধ্যেই প্রধান অভিযুক্ত অসীমসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং অপহৃতের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। অপহৃত রুমন আলীকে নিরাপদে উদ্ধার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও আশ্বাস দেন তিনি।

আ.ই.সি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর