[email protected] ঢাকা | বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬, ১৪ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে জুমার খুতবাকে কেন্দ্র করে ইমামকে অপসারণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৬, ১৭:১৫

অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমানের কাছে স্মারক লিপি তুলে দিচ্ছেন নেতৃবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের খুতবা দেওয়াকে কেন্দ্র করে এক ইমামকে জোরপূর্বক অপসারণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত, চাকরিচ্যুত ইমামকে পুনর্বহাল এবং ইমামদের নায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়ে এক স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, গত ৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার রানিহাটি বাজার ঈদগাহ জামে মসজিদে জুমার খুতবায় 'ইসলামী রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং শাসক ও জনগণের ভূমিকা' নিয়ে আলোচনা করেন ইমাম মাওলানা আলী হাসান মুজাহিদ। এই আলোচনার জেরে পরবর্তীতে মসজিদ কমিটি তাঁকে জোরপূর্বক অপসারণের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর জোহরের নামাজ থেকে তাঁকে ইমামতি থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করে রানিহাটি বাজার ঈদগাহ জামে মসজিদ কমিটি।

ইমাম সমিতির নেতৃবৃন্দ ঘটনাটিকে অন্যায় ও ‘জুলুম’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান।

উক্ত মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলাসহ কেন্দ্রীয় ইমাম সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর