[email protected] ঢাকা | শনিবার, ২১শে মার্চ ২০২৬, ৬ই চৈত্র ১৪৩২
thecitybank.com

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে মসলা ও মাংসের দাম

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২০ মার্চ ২০২৬, ১৯:১৭

কোলাজ ছবি: চাঁপাই জার্নাল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বাজারে মসলা ও মাংসের দাম বেড়েছে। উৎসবের চাহিদাকে পুঁজি করে মসলা, গরু, খাসি ও বিভিন্ন জাতের মুরগির দাম গত কয়েক দিনের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (২০ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেট মাংস বাজার ঘুরে দেখা গেছে, গরু ও খাসির মাংসের দাম কেজিতে গড়ে ৫০ টাকা বেড়েছে। আগে যে গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হতো, তা বর্তমানে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। একইভাবে ১,১৫০ টাকার খাসির মাংস এখন ১,২০০ টাকায় ঠেকেছে।

মাংসের পাশাপাশি মুরগির বাজারেও অস্থিরতা বিরাজ করছে। কেজিপ্রতি মুরগির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। দুই-তিন দিন আগে যে সোনালি মুরগি ২৯০ টাকায় পাওয়া যেত, তা বর্তমানে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ২০০ টাকার ব্রয়লার (পোল্ট্রি) মুরগি বেড়ে হয়েছে ২২০ টাকা। এছাড়া প্যারিস জাতের মুরগির দাম ৩৯০ টাকা থেকে বেড়ে ৪২০ টাকায় দাঁড়িয়েছে।

এদিকে শহরের পুরাতন বাজার ঘুরে দেখা যায় রান্নার অপরিহার্য অনুষঙ্গ মসলার দামও আকাশচুম্বী। খুচরা বাজারে মানভেদে দারুচিনির দাম কেজিপ্রতি ৩৬০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ টাকায়, ২৭০০ টাকার জয়ত্রী এখন বিক্রি হচ্ছে ৩৬০০ টাকায়, ৬০০ টাকার জায়ফল ৮০০ টাকা এবং ১২০ টাকার ধনিয়া বর্তমানে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। তবে লবঙ্গের দাম অপরিবর্তিত আছে এবং ১২০০ টাকার জিরা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। এছাড়া আদা ১২০ টাকা কেজি ও রসুন ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, উৎসবের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছেন, যা সাধারণ মানুষের বাজেটে চাপ ফেলছে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, সরবরাহ কম এবং পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে।

নিউমার্কেটের মাংস ব্যাবসায়ী তরিকুল বলেন, ঈদ উপলক্ষে গরু ও খাসির মাংসের দাম ৫০ টাকা বেড়েছে। ঈদের পর আবারোও আগের দামে মাংস বিক্রি হবে।

পুরাতন বাজারের মসলা ব্যাবসায়ী মাহিদ বলেন, আমদানি নির্ভর মসলার পাইকারি দর বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। এছাড়াও ঈদ উপলক্ষেও মসলার দাম বেড়েছে বলেও জানান তিনি।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর