প্রকাশিত:
১১ এপ্রিল ২০২৬, ১৭:২৬
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নে অবস্থিত দামুসের বিল ও মরিচার দাড় খনন কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
আজ শনিবার সকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপ বিভাগীয় প্রকৌশলী, সার্ভেয়ার এবং স্থানীয় কৃষকদের সাথে নিয়ে তিনি এই এলাকাটি পুনরায় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম এবং পৌরসভা শাখার সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেলসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। এলাকাটি পরিদর্শনের সময় নূরুল ইসলাম বুলবুল স্থানীয় কৃষকদের মুখোমুখি হন এবং তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন। কৃষকরা মূলত খনন কাজ বিলম্বিত হওয়া এবং এর ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও সেচ সংকটের বিষয়টি তাঁর কাছে তুলে ধরেন।
কৃষকদের অভাব-অভিযোগ শোনার পর তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানান যে, কৃষি ও কৃষকের উন্নয়নে দামুসের বিল ও মরিচার দাড় খনন প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কোনো প্রকার টালবাহানা না করে অতি দ্রুত এটি বাস্তবায়ন করতে হবে। জননেতা বুলবুল কর্মকর্তাদের নির্দেশ দেন যেন খনন কাজের কারিগরি বিষয়গুলো দ্রুত সম্পন্ন করে মাঠ পর্যায়ে কাজ শুরু করা হয়, যাতে স্থানীয় মানুষ দ্রুত এই প্রকল্পের সুফল ভোগ করতে পারে। কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: