[email protected] ঢাকা | রবিবার, ১৪ই জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩
thecitybank.com

বছরে অন্তত পাঁচ কোটি গাছ লাগানোর ইচ্ছে আছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৩ জুন ২০২৬, ২১:২০

প্রধানমন্ত্রী তারেক রহমান।  ফাইল ছবি/সংগ্রহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বছরে অন্তত পাঁচ কোটি গাছ লাগানোর ইচ্ছে আছে। আপনাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রত্যেকেই দয়া করে যার যেখানে সম্ভব অন্তত একটি করে বৃক্ষরোপণ করবেন। আমরা যদি এ বৃক্ষরোপণ করতে পারি, তবে আগামী প্রজন্ম অন্তত পরিশুদ্ধ ও দূষণমুক্ত বাতাসে শ্বাস নিতে পারবে।

শনিবার (১৩ জুন) বিকেল তিনটার দিকে কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে চারা রোপণ শেষে তিনি এসব কথা বলেন। তার এ চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কক্সবাজারে এটিই তার প্রথম সফর। দিনব্যাপী এ সফরে তিনি মোট ১১টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

মালুমঘাটে চারা রোপণের আগে প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং সেখানেও বৃক্ষরোপণ করেন। এ সময় বন ও পরিবেশ মন্ত্রীসহ সরকারের অন্যান্য মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল ৯টা ৪৮ মিনিটে আকাশপথে কক্সবাজার পৌঁছালে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সকালে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে এক পথসভায় প্রধানমন্ত্রী বলেন, ‌‘বিএনপির রাজনীতি মানুষের জন্য। ভোটের কালি শুকানোর আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি। এবার বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত কোনো পণ্যের দাম বৃদ্ধি পায়নি। মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি পাওয়ায় বিরোধীদল দুঃখ প্রকাশ করছে।

পরবর্তীতে তিনি পেকুয়ায় গিয়ে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন করেন তিনি।

বিকালে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন এবং সুধী সমাবেশে অংশ নেওয়া শেষে রাত ১০টার দিকে আকাশপথে তার ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর