প্রকাশিত:
২৮ জুন ২০২৬, ১৭:১৫
আষাঢ়ের তীব্র তাপদাহ আর তার সাথে পাল্লা দিয়ে চলা ঘন ঘন লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ। দিন কিংবা রাত-২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্রমজীবী মানুষের কষ্ট এখন চরমে।
স্থানীয় আবহাওয়া অফিস ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জে তাপমাত্রা ওঠানামা করছে। তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। এরই মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি ও নেসকো’র আওতাধীন এলাকাগুলোতে দিন-রাতে ৮ থেকে ১০ বারেরও বেশি লোডশেডিং হচ্ছে। কোনো কোনো এলাকায় একবার বিদ্যুৎ গেলে ১ থেকে ২ ঘণ্টার আগে আসার নাম থাকছে না। এতে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।
তবে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই লোডশেডিং হচ্ছে। তবে দ্রুতই এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে আশ্বস্ত করেছেন স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, এমনিতেই গরমে টেকা যাচ্ছে না, তার ওপর বিদ্যুতের এই ভেলকিবাজি। রাতে ঠিকমতো ঘুমানো যাচ্ছে না, যার প্রভাব পড়ছে পরদিনের কর্মজীবনে। শিশুরা গরমে অসুস্থ হয়ে পড়ছে।
শান্ত নামের আরোও একজন জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ফ্রিজে রাখা পচনশীল দ্রব্য নষ্ট হয়ে যাচ্ছে। তীব্র গরমে বেড়েছে হাতপাখা আর চার্জার ফ্যানের চাহিদা, তবে লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যানও ঠিকমতো চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মোঃ ফজলুর রহমান বলেন, বর্তমানে আমাদের চাহিদা ৭৮ মেগাওয়াট কিন্ত সরবরাহ পাচ্ছি ৫৫ মেগাওয়াট মতো। তাই যেসকল এলাকায় চাহিদা বেশি সেসকল এলাকায় লোডশেডিং হচ্ছে। আগামীতে লোডশেডিং বাড়বে কিনা তা আমাদের চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল আজিম বলেন, চাঁপাইনবাবগঞ্জে গ্রাহক পর্যায়ে দুইটি বিভাগে বিদ্যুৎ সরবরাহ করে নেসকো। যার মধ্যে বিক্রয় ও বিতরণ বিভাগ-১ আমাদের চাহিদা হচ্ছে ৩২ মেগাওয়াট কিন্ত সরবরাহ পাচ্ছি মাত্র ২০ থেকে ২২ মেগাওয়াট। এছাড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এ আমাদের চাহিদা ১৪ মেগাওয়াট কিন্ত এখানে সরবরাহ পাচ্ছি ৮ থেকে ৯ মেগাওয়াট। তাই এ কারণে এলাকাভেদে লোডশেডিং হচ্ছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: