[email protected] ঢাকা | শুক্রবার, ১০ই জুলাই ২০২৬, ২৫শে আষাঢ় ১৪৩৩
thecitybank.com

দীর্ঘ একবছর পর সোনমসজিদ ইমিগ্রেশন দিয়ে নিজ দেশে ফিরলেন ভারতীয় চার নাগরিক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৮ জুলাই ২০২৬, ২৩:৪৮

ছবি: সংগ্রহীত

দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া শিশুসহ চার ভারতীয়কে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত নিয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।

তারা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬) ও ইমাম দেওয়ান (৬)।

বুধবার (০৮ জুলাই) বিকেলে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর প্রক্রিয়ার সময় রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যলয়ের কর্মকর্তারা, সোনামসজিদ ইমিগ্রেশন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করার সময় গত বছরের ২৬ জুন নারী ও শিশুসহ ওই ছয়জনকে ‘বাংলাদেশি’ দেখিয়ে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। এরপর তারা প্রায় দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন। পরে বুধবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল। এরপর নিজ দেশে ফেরত নেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং এজন্য তাদেরকে এক দিন পুলিশ হেফাজতে রাখা হয়। কিন্তু পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আর যোগাযোগ করতে না পারায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে গত বছরের ০২ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকার বাসিন্দা ফারুক হোসেনের জিম্মায় তাদেরকে মুক্তি দেন আদালত। এরপর থেকে ফারুক হোসেনের বাড়িতে মানবেতর জীবন পার করছিলেন তারা।

এদিকে গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী বেগমকে ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনাকে বেআইনি ঘোষণা করেছিল। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রের বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন, অন্তঃসত্ত্বা সোনালীসহ আরও পাঁচজন ভারতীয় নাগরিককে আগামী চার সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে।

এই রায় ঘোষনার পরে গত বছরের ০৫ ডিসেম্বর ভারতীয় গর্ভবতী নারী সোনালী খাতুন ও তার ছেলে সাব্বির শেখকে ফেরত নেয় বিএসএফ। দীর্ঘদিন পর আজকে বিকেলে বাকি চারজনকে ফেরত নিলো ভারতীয় কতৃপক্ষ।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ মোঃ জামিরুল ইসলাম জানান, এই চার ভারতীয় নাগরিকের কোন পাসপোর্ট ছিল না। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এই ভারতীয় চার নাগরিকের জন্য সিঙ্গেল এক্সিট ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে। এর প্রক্ষিতে তাদের আজ বিকেলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে গেছেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর