প্রকাশিত:
১৫ জুলাই ২০২৬, ১১:২৭
কুয়েত বাংলাদেশি নারী গৃহকর্মী আমিনা খাতুন কর্মস্থলে নির্যাতনের শিকার হয়েছেন। কুয়েতের বাংলাদেশ দূতাবাস তাকে উদ্ধার করে মঙ্গলবার (১৪ জুলাই) দেশে ফিরিয়ে এনেছে।
এমন পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে নারী গৃহকর্মী নিয়োগ-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত দেশটিতে নারী গৃহকর্মী হিসেবে যাওয়ার জন্য নিরুৎসাহিত করছে দূতাবাস।
দূতাবাস জানায়, কুয়েত প্রবাসী বাংলাদেশি গৃহকর্মী আমিনা খাতুনের কর্মস্থলে নির্যাতনের খবর গত ৩০ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের নজরে আসে। বিষয়টি জানার পরের দিন ১ জুলাই দূতাবাস দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেয় এবং কুয়েত পুলিশের সহযোগিতায় তাকে কর্মস্থল থেকে উদ্ধার করে দূতাবাসের তত্ত্বাবধানে নিয়ে আসে।
পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা, বকেয়া পাওনা আদায়, ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পর দূতাবাসের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট নম্বর J9 531K-এ নিরাপদে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করেন। যাত্রাকালে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে দূতাবাসের একজন প্রতিনিধি উপস্থিত থেকে তাকে বিদায় জানান।
দূতাবাস আমিনা খাতুনের সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে নারী গৃহকর্মী নিয়োগ-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী হিসেবে কুয়েতে না আসার বিষয়ে সংশ্লিষ্ট সবার সচেতনতা, দায়িত্বশীলতা ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছে।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: