[email protected] ঢাকা | সোমবার, ২৭শে জুলাই ২০২৬, ১১ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

রাবির আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণে প্রতিমন্ত্রীর কাছে বাজেট প্রস্তাব পেশ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৬, ১৮:৩৩

প্রতিমন্ত্রীকে স্মারক লিপি প্রদান করছেন রাবির শরীরচর্চা বিভাগের পরিচালক। ছবি: সংগ্রহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের পরিচালক।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উন্নয়নের জন্য একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় বাজেট প্রস্তাব প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

প্রস্তাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণের বিষয়টিকে। বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক মানের টার্ফ মাঠ নির্মিত হলে শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা আয়োজন এবং জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়া প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনায় আরও অন্তর্ভুক্ত রয়েছে— আধুনিক সুবিধাসম্পন্ন টার্ফ মাঠ নির্মাণ, হাবিবুর রহমান হল সংলগ্ন মাঠের আধুনিকায়ন ও সংস্কার, বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের সংস্কার ও আধুনিকায়ন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্রীড়া অবকাঠামোর সীমাবদ্ধতা এবং শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাহিদার বিষয়গুলোও তুলে ধরা হয়। একই সঙ্গে আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মতামত দেওয়া হয়।

শরীরচর্চা বিভাগের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সরকারের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন সম্ভব হবে। বিশেষ করে শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত টার্ফ মাঠ নির্মাণের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রতিমন্ত্রীর কাছে উন্নয়ন পরিকল্পনার লিখিত প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি প্রস্তাবিত স্টেডিয়াম, গ্যালারি ও টার্ফ মাঠের নকশাও উপস্থাপন করা হয়, যেখানে আধুনিক গ্যালারি, প্রেস বক্স, ভিআইপি গ্যালারি, অফিস কক্ষ, পার্কিং এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর