প্রকাশিত:
৩ সেপ্টেম্বার ২০২৬, ২২:০৮
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভূপরিস্থ পানি শোধনপূর্বক পাইপলাইনের মাধ্যমে সরবরাহ এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার জন্য ৪৬ কোটি ৮৯ লক্ষ ৯১ হাজার টাকার একটি নতুন প্রকল্প অনুমোদন হয়েছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে, যার বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে অক্টোবর ২০২৬ থেকে জুন ২০২৯ পর্যন্ত।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুুরুল ইসলাম বুলবুল। এছাড়া জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদও এই সংক্রান্ত একটি ফটোকার্ড ফেসবুকে পোস্ট দেন।
পত্রটি থেকে জানা যায়, উন্নত সুপেয় পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে প্রকল্পের আওতায় ব্যাপক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ১ একর ভূমি অধিগ্রহণের পাশাপাশি প্রতি ঘণ্টায় ৪০০ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন একটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ৬৮০ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন একটি ওভারহেড ট্যাংক নির্মাণ করা হবে। পৌরবাসীর দোড়গোড়ায় পানি পৌঁছে দিতে বিভিন্ন ব্যাসের মোট ৩৬ কিলোমিটার দীর্ঘ এইচডিপিই সঞ্চালন ও বিতরণ পাইপলাইন স্থাপন করা হবে, যার মাধ্যমে ১,০০০টি বাসাবাড়িতে সরাসরি সংযোগ প্রদান করা হবে। এছাড়া জনস্বাস্থ্যের সুরক্ষায় ২টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণও এই প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পের মূল ভৌত কাজের পাশাপাশি প্রশাসনিক ও আনুষঙ্গিক ব্যয়সহ কন্টিনজেন্সি খাতের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনা কমিশনের উপপ্রধান প্রিয়াংকা দত্ত স্বাক্ষরিত অনুমোদন পত্রটি প্রয়োজনীয় কার্যার্থে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরে প্রেরণ করা হয়েছে। এই প্রকল্পটির সফল বাস্তবায়ন শেষ হলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দীর্ঘদিনের সুপেয় পানি সংকট দূর হবে এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: