প্রকাশিত:
২৯ ডিসেম্বার ২০২৫, ২০:০৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জিলানী মোড় বাঁধ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫। কিছুদিন আগে উক্ত স্থানেই দুর্বৃত্তরা পরীক্ষামূলকভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল।
র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের জিলানী মোড় সংলগ্ন একটি আম বাগান থেকে এসব সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
অভিযানে উদ্ধারকৃত আলামতগুলোর মধ্যে রয়েছে, তিনটি সাদা পলিথিনে রাখা ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ, ককটেল তৈরির সরঞ্জাম যেমন—কাঁচের গুঁড়া, ভাঙা ব্লেড, লোহার তারকাঁটা, ৩টি লাল রঙের কসটেপ এবং ১৩টি জর্দার কৌটা।
র্যাব জানায়, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, জিলানী মোড় বাঁধের দক্ষিণ পাশের আম বাগানে কিছু সন্দেহভাজন পলিথিন ব্যাগ পড়ে আছে। তাৎক্ষণিক অভিযানে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত বিস্ফোরক ও সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী শনাক্ত ও আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: