প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬, ২১:৪২
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৫-এর একটি আভিযানিক দল। গতকাল (৩১ ডিসেম্বর) রাত সাড়ে নাচোল থানাধীন বহেরুল ইলামিত্র গেইট সংলগ্ন একটি দিঘির পাড় থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি বড় লোহার হাসুয়া, ৪টি কাঠের বাটযুক্ত ছোট হাসুয়া, ১টি খড়গ, ১টি কিরিচ, ২টি চাইনিজ কুড়াল, ৩টি দ্বি-মুখী চাইনিজ কুড়াল এবং ১টি স্টিলের হাতলযুক্ত চেইন স্টিক। এছাড়া সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৩ রাউন্ড তাজা গুলি (অ্যামোনিশন) উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল জানতে পারে যে, ৪নং নিজামপুর ইউনিয়নের বহেরুল ওয়ার্ডের ইলামিত্র গেইটের উত্তর পাশে একটি দিঘির পাটালে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা পড়ে আছে। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বস্তার ভেতর থেকে সবুজ কাপড়ে মোড়ানো অবস্থায় ১৬টি দেশীয় অস্ত্র এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই এলাকায় আধিপত্য বিস্তার ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে কোনো দুষ্কৃতকারী চক্র এসব অস্ত্র ও গুলি মজুত করে রেখেছিল। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: