[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২
thecitybank.com

বিজিবির চিরুনি অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬, ২৩:০৬

বিজিবির অভিযানে জব্দকৃত গরু ও মহিষ। ছবি: ৫৩ বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন)। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিনভর এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়।
 
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অভিযানে বিজিবির অধীনস্থ জহুরপুরটেক, ওয়াহেদপুর, জহুরপুর, শিংনগর এবং মনাকষা বিওপির সদস্যরা অংশ নেন।
 
অভিযান চলাকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে ২টি গরু, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে ২টি গরু, সূর্যনারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে ২টি গরু এবং মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়। এছাড়া মনাকষা বিওপির সদস্যরা বোগলাউড়ি গ্রাম থেকে আরও ২টি ভারতীয় মহিষ জব্দ করে।
 
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ৮টি গরু ও ২টি মহিষের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। বিধি মোতাবেক জব্দকৃত গবাদিপশুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
 
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, "সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
 
এম.এ.এ/আ.আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর