[email protected] ঢাকা | রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২রা ফাল্গুন ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত দুইজনের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০৪

ককটেলে বিস্ফোরিত বাড়ি। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে। দীর্ঘ সময় পর ঘটনায় নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপর ধুমিহায়াতপুর এলাকার মোয়াজ্জেমের ছেলে আলামিন (২০) এবং  শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের মনিরুল ইসলামের ছেলে জিহাদ (১৭)। 

এছাড়া আহত তিনজন হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের  ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং একই উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, নিহত দুইজন হলেন আলামিন ও জিহাদ। তাদের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতলের মর্গে নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনী পদক্ষেপ চলমান আছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে দুইজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, ভোর আনুমানিক ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে তারা ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় দুইজন প্রাণ হারান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এছাড়াও বিস্ফোরণে গুরুতর জখম হওয়া তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর