প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৩৬
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ককটেল হামলার ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং এই মামলার এজাহারে অর্থের যোগানদাতা হিসেবে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহীদ রানা টিপুর নাম উঠে এসেছে। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতেই মামলাটি দায়ের করেন সদর মডেল থানার এসআই বেলাল হোসেন।
মামলার এজারহার সূত্রে জানা যায়, মামলার ১নং আসামী বহিস্কৃত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহীদ রানা টিপু মৌখিক নির্দেশ ও অর্থের সহায়তায় মো: কালাম, ইউসুফ আলী, শাকিল আহমেদ, শাহারুল আলম কালু, বজলুর রহমান, মিনহাজ, শুভ, আলামিন ও জিহাদসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন এলাকায় নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে জীবন ও সম্পত্তির ক্ষতি সাধন ও ত্রাস সৃষ্টির লক্ষে ককটেল তৈরির কাজ করছিল। ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটলে পলাতক আসামীগন দিক বেদিক পালিয়ে যায় এবং অন্য আসামী আলামিন ও জিহাদ ঘটনাস্থলেই গুরুত্বতর আহত হয়ে মারা যান। এছাড়া বজলু, মিনহাজ ও শুভ গুরুত্বতর আহত হয় এবং বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে এজাহার নমীয় মো: ইউসুফ ও শাকিলকে আটক করা হয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন বজলুর রহমান, মিনহাজ ও শুভকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে যুবলীগ নেতা শরীফ উদ্দিন দুলালকেও গ্রেপ্তার করা হয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: