প্রকাশিত:
৬ মার্চ ২০২৬, ১৯:৪৫
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামে দীর্ঘ দিন ধরে চলা অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা ও এলাকাবাসী। পুলিশ-প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের পরোক্ষ মদদে এই এলাকাটি এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং গ্রামকে মাদকমুক্ত করার দাবিতে শুক্রবার (০৬ মার্চ) বাদ জুমা কাজিপাড়া গ্রামবাসীর ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে স্থানীয়রা।
অভিযুক্ত মাদক ব্যাবসায়ীরা হলেন, মৃত চিকু শেখের মেয়ে মানুয়ারি, পিন্টু শেখের ছেলে রবিউল, তার মা সুফিয়া, স্ত্রী শিরিন ও মেয়ে রিতা, ভুটু শেখের মেয়ে ফাতেমা বেগম, এনারুলের ছেলে মনি ও তার স্ত্রী রুপা।
বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, কাজিপাড়া গ্রামে এখন প্রকাশ্যেই চলছে মাদকের কেনাবেচা। মাদকের এই ভয়াবহ বিস্তারের কারণে এলাকার সামাজিক পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি ধ্বংসের মুখে পড়ছে স্থানীয় যুবসমাজ। সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এলাকার সামাজিক মর্যাদা। গ্রামবাসীর দাবি, মাদকের স্বর্গরাজ্য হিসেবে দুর্নাম ছড়িয়ে পড়ায় এই এলাকার যুবক-যুবতীদের অন্যত্র বিয়ে দিতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে অভিভাবকদদের। 'মাদকের গ্রাম' হিসেবে পরিচিতি পাওয়ায় কোনো ভালো পরিবার এই গ্রামের সাথে বৈবাহিক সম্পর্ক তৈরি করতে চাইছে না, যা সাধারণ মানুষের জন্য চরম মানহানিকর হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এই অবৈধ কারবার চললেও পুলিশ ও স্থানীয় প্রশাসনের রহস্যজনক নীরবতা মাদক ব্যবসায়ীদের আরও বেপরোয়া করে তুলেছে। বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসী এখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছে। মানববন্ধন থেকে স্থানীয়রা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবিলম্বে যদি এই মাদক ব্যবসা বন্ধ না হয় এবং জড়িতদের আইনের আওতায় আনা না হয়, তবে গ্রামবাসী নিজ উদ্যোগে মাদক ব্যবসায়ীদের সামাজিক বয়কটসহ আরও কঠোর আন্দোলনে নামবে। তারা এই অভিশাপ থেকে মুক্তি পেতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দা মাজেদ বলেন, আজ যুব সমাজ একত্রে হয়েছে। তারা গ্রামকে মাদকমুক্ত করতে চাই। আমরা তাদের পাশে আছি। সম্প্রতি আমাদের এলাকা থেকে ৬-৭ জন শিক্ষক হয়েছেন। তবুও গুটি কয়েক ব্যাক্তির কারণে আমরা বাইরে এলাকার পরিচয় দিতে লজ্জা পাই। এমন অবস্থা আর চলতে পারে না।
০৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সাত্তার বলেন, আগে এই এলাকায় দুই একজন গাঁজা সেবন করতো। আর এখন ঘরে ঘরে মাদক সেবী গড়ে উঠেছে। ৩০০ টাকা ইনকাম করে ১০০ টাকার গাঁজা খেয়ে নিচ্ছে। এর ফলে সংসারে অশান্তি কলহ লেগে থাকছে। তাই এসব দ্রুত বন্ধ করতে হবে।
আরেক স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান মজি বলেন, গুটি কয়েক লোকের কারণে এলাকার দুর্নাম হচ্ছে। তাদের কারণে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিতেও পারছি না, বিয়ে ভেঙ্গে যাচ্ছে। তাই অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তোক্ষেপ কামনা করছি।
ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, মাদকসেবী ও বিক্রেতাকে উচ্ছেদ করার জন্য আপনার যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানায়। আমার ইউনিয়নের গ্রাম পুলিশ সকল সময়ে এখানে পাহাড়া দিবে এবং মাদক ব্যাবসা বন্ধের আমরা সকলে একত্রে ভুমিকা রাখবো। এক্ষত্রে আপনাদের সহোযোগিতা চাই।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম বলেন, কয়েকজনের জন্য আমরা আমাদের এলাকার পরিবেশ নষ্ট হতে দিতে পারিনা। যারা মাদক ব্যাবসায়ী আছেন তাদেরকে বলছি ভালো হয়ে যান। এসব ছেড়ে দেন, সুপথে আসেন। আমরা আপনাদের সহোযোগীতা করবো। তা না হলে প্রশাসনকে সাথে নিয়ে আপনাদের জড় উপড়ে ফেলবো ইনশাআল্লাহ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, বিষয়টি আমরা জেনেছি। যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: