প্রকাশিত:
৭ মার্চ ২০২৬, ২২:০০
৭ মার্চ ফুল নিয়ে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের কাছে স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরে যাচ্ছিলেন। এ সময় স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে চারজনকে আটক করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, এই মিছিলে ১০–১৫ জন ছিলেন। তাঁদের হাতে ছিল ফুলের মালা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
৭ মার্চ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল। তবে গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের কিংবা দলটির নিষিদ্ধ সহযোগী সংগঠনের কোনোটিতে যুক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
পতিত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ঘটা করে ৭ মার্চ পালন করা হতো। ২০২৪ সালে ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম রয়েছে নিষিদ্ধ। অভ্যুত্থানের সাত মাস পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।
অভ্যুত্থানের পর বিভিন্ন দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে অনেকে হামলা–হেনস্তার শিকার হন। কাউকে কাউকে পুলিশ গ্রেপ্তারও করে।
সূত্র: প্রথম আলো/ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: