[email protected] ঢাকা | বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬, ১৬ই বৈশাখ ১৪৩৩
thecitybank.com

ভোলাহাটে গভীর রাতে ৮ হাজার লিটার জ্বালানি তেল পাচারের চেষ্টা, লরি ও ট্রলি জব্দ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৬, ২১:৩৮

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পাচারকালে প্রায় ৮ হাজার লিটার জ্বালানি তেলসহ একটি তেলবাহী গাড়ি ও ট্রলি জব্দ করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাজল বিল এলাকায় অবস্থিত ‘হিরো ইটভাটায়’ এই অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা লরি ও সরঞ্জাম ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে নির্জন এলাকার একটি ইটভাটায় গভীর রাতে তেলের লরি প্রবেশ করে। সেখানে লরি থেকে ড্রামে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের চূড়ান্ত প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে তেলবাহী গাড়ি, পাচারে ব্যবহৃত ট্রলি ও তেলের ড্রামগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, এলাকায় অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ কৃষকদের জিম্মি করে ফেলেছে। পাম্পে তেল নেই বলে কৃষকদের ফিরিয়ে দেওয়া হলেও পর্দার আড়ালে চড়া দামে ট্রাক্টর ও ট্রলি মালিকদের কাছে তেল বিক্রি করা হচ্ছে। এর সঠিক তদন্ত ও বিচার চাই।

এছাড়া স্থানীয় সূত্র থেকে জানা যায়, ভোলাহাট উপজেলায় একটি মাত্র ফিলিং স্টেশন রয়েছে৷ আর এই কালোবাজারি সিন্ডিকেটের পেছনে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফের সংশ্লিষ্টতা রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল লতিফ জানান, জব্দকৃত তেলের সঙ্গে তার পাম্পের কোনো সম্পর্ক নেই। যমুনা অয়েল কোম্পানি থেকে তার স্টেশনের নামে ২৮ তারিখের জন্য তেল বরাদ্দ করা হয়েছে, তাই এই তেলগুলো অন্য কোথাও থেকে এসেছে।

ভোলাহাট থানার এসআই শাহীন বলেন, তেল জব্দের বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং এই বিষয়ে একটি মামলা দায়ের করা হবে।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো: হাসান তারেক জানান, পাচার চক্রের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৮ হাজার লিটার জ্বালানি তেলসহ গাড়ি ও ড্রাম জব্দ করেছে। এই তেলগুলো ঠিক কোন ফিলিং স্টেশনের জন্য নিয়ে আসা হয়েছিল এবং এর পেছনে কারা জড়িত তা নিশ্চিত হতে তদন্ত চলছে এবং একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর