প্রকাশিত:
৮ মে ২০২৬, ১৫:৪৭
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বারঘরিয়া এলাকায় র্যাব-৫-এর মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে ।
শুক্রবার (৮ মে) দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে আসামিদের হেফাজত থেকে ১৫ গ্রাম হেরোইন এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
জানা যায়, র্যাব-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বারঘরিয়া ইউনিয়নের লক্ষিপুর হাজীপাড়া এলাকায় একটি পরিত্যক্ত টিনের ঘরে মাদক কেনাবেচা চলছে । উক্ত তথ্যের ভিত্তিতে রাত ১২:৪০ মিনিটের দিকে র্যাব সদস্যরা সেখানে পৌঁছালে মহারাজপুর এলাকার মোঃ জামাল (৫২), বারঘরিয়া এলাকার মোঃ কাইয়ুম (৫২) এবং তোফাজ্জল হোসেনকে (৫৫) হাতেনাতে আটক করেন । পরবর্তীতে রাত দেড়টার দিকে তাদের তল্লাশি করে মাদকগুলো জব্দ করা হয় ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে । র্যাব জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলার সুরক্ষা এবং মাদক নির্মূলে তাদের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: