[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ৫৩ বিজিবির বিশেষ অভিযান, ৪টি ভারতীয় গরু জব্দ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৩ মে ২০২৬, ১৫:৩২

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। বুধবার (১৩ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত পরিচালিত পৃথক চারটি অভিযানে এসব গরু উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) চারটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। এর মধ্যে হাকিমপুর বিওপি সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর থেকে ১টি, ফরিদপুর বিওপি কদমতলী গ্রাম থেকে ১টি, মনাকষা বিওপি চাচ্চুরচর গ্রাম থেকে ১টি এবং জহুরপুর বিওপি সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে ১টি গরু জব্দ করে। উদ্ধারকৃত ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৯ লাখ ৪০ হাজার টাকা। জব্দ করা গরুগুলো পরবর্তী কার্যক্রমের জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সর্বদা বদ্ধপরিকর। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে গরু চোরাচালানের সম্ভাবনা বেড়ে যাওয়ায় সীমান্তে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। চোরাচালান রুখতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য যে, চলতি মে মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত মোট ১৬টি গরু জব্দ করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর