[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩
thecitybank.com

নাচোলে দস্যুতা মামলার ৪ আসামি গ্রেপ্তার, লুণ্ঠিত ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২০ মে ২০২৬, ১৫:০১

নাচোল থানা। ছবি: চাঁপাই জার্নাল/ফাইল

একটি দস্যুতা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে চাঁপাইনাববগঞ্জের নাচোল থানা পুলিশ। একই সাথে আসামিদের হেফাজত থেকে লুণ্ঠিত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ( ১৯ মে) নাচোল থানায় একটি মামলা রুজু হওয়ার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় দ্রুত এই পদক্ষেপ নেয় থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—গোমস্তাপুর উপজেলার নুনগোলা গ্রামের মো: তাইজুদ্দিনের ছেলে মো: রতন (৪১), নাচোল উপজেলার কালইর (পাথরঘাটা) গ্রামের মো: তাজমুল হোসেনের ছেলে মো: দুলাল আলী ওরফে বাবু (৩৭), একই গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে নুরুল ইসলাম (৪০) এবং কালইর কাঁঠালিয়া পাড়ার মৃত এন্তাজ আলীর ছেলে মো: বাইরুল (৩৫)।

জানা যায়, গত সোমবার (১৮ মে) বিকেল আনুমানিক চারটার টার সময় মামলার বাদীর পিতা ভ্যানচালক মো: আকবর আলী গোমস্তাপুর থানার খোয়ারমোড়ে অবস্থান করছিলেন। এ সময় ১ নং আসামি মো: রতন ভোলাহাট বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে আনুমানিক ৫৫,০০০ টাকা মূল্যের ওই ব্যাটারিচালিত ভ্যানটি ভাড়া করেন। তবে ভোলাহাট বাসস্ট্যান্ডে না নেমে রতন চালক আকবর আলীকে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করিয়ে সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার সময় নাচোল থানাধীন কালইর বাজারে নিয়ে আসেন এবং পরবর্তীতে কালইর পাথরঘাটা গ্রামে যাওয়ার কথা বলেন। পাথরঘাটা গ্রামে যাওয়ার পথিমধ্যে ভ্যানে অবশিষ্ট তিন আসামি আরোহী হিসেবে ওঠেন।

এরপর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার সময় নাচোল থানাধীন কসবা ইউনিয়নের কালইর দীঘিপাড়া ঈদগাহ মাঠের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে আসামিরা ভ্যানটি থামাতে বলেন। ভ্যান থামানো মাত্রই তারা চালক আকবর আলীর পথরোধ করেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই আসামিরা চাকু বের করে তার গলায় চেপে ধরেন এবং খুনের ভয় দেখিয়ে ভ্যানগাড়িটি ছিনিয়ে নেন। ভ্যানচালক গাড়িটি ফেরত পাওয়ার আকুতি জানালে আসামিরা তাকে জবাই করে গুম করার হুমকি দিয়ে কালইর পাথরঘাটা গ্রামের দিকে পালিয়ে যান। পরবর্তীতে এই ঘটনায় নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস  এর সরাসরি দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ একটি বিশেষ অভিযানিক টিম গঠন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: হারুন অর রশীদের নেতৃত্বে উক্ত টিমটি নাচোল এবং গোমস্তাপুর থানা এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে। আধুনিক প্রযুক্তি ও পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে  মঙ্গলবার (১৯ মে) আসামিদের গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ব্যাটারিচালিত ভ্যানগাড়িটি উদ্ধার করা হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকমল চন্দ্র দেবনাথ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর