প্রকাশিত:
১৯ জুন ২০২৬, ২২:২১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন সাহাবাজপুর ইউনিয়নের সোনা মসজিদ তোয়াখানা মোড় এলাকায় সফল অভিযান পরিচালনা করে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনারুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
গ্রেফতারকৃত আনারুল ইসলাম শিবগঞ্জ থানার পিরোজপুর (সাহাবাজপুর ইউপি, ২নং ওয়ার্ড) এলাকার মৃত ময়েজ উদ্দিন ও মৃত কুলছুমের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে এবং সব ধরনের অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে র্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত বৃহস্পতিবার ( ১৮ জুন) র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত টহল এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। অভিযান চলাকালীন দলটি শিবগঞ্জ থানাধীন কানসাট বাজার ব্রিজের পাশে অবস্থান করার সময় নিজস্ব গোয়েন্দা সূত্রে একটি গোপন সংবাদ প্রাপ্ত হয়। সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একজন ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ হতে সোনামসজিদ স্থলবন্দরগামী মহাসড়কের পূর্ব পাশে তোয়াখানা মোড় নামক স্থানে শফিকুল ইসলামের মুদি দোকানের দক্ষিণ পাশের ফাঁকা জায়গায় অবস্থান করছে। উক্ত গোয়েন্দা তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র্যাবের আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে সরকারি গাড়িযোগে ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি সুপরিকল্পিত অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে মাদক কারবারি আনারুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামির দেহ তল্লাশি করা হলে, তার পরিহিত হাফহাতা শার্টের বুক পকেট থেকে একটি বায়ুরোধক পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। উক্ত প্যাকেটটি খুলে গণনা করে তার ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১৮৮ (একশত আটাশি) পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাব-৫ এর মিডিয়া সেল জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং ধৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: