প্রকাশিত:
৪ জুলাই ২০২৬, ১৮:১৩
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় গতকাল শুক্রবার (০৩ জুলাই) জেলার সদর মডেল থানা ও গোমস্তাপুর থানা পুলিশ এই অভিযান দুটি পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই দুপুর ২.১০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলি মেলার মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ সেলিম রেজা (৪৩)-এর বসতবাড়ীর সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ২০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিনে রাত ১১.০০ ঘটিকার সময় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) ইকবাল আহমেদের নেতৃত্বে পুলিশের অপর একটি দল রহনপুর পৌরসভার অন্তর্গত পুরাতন বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুরাতন বড় বাজারস্থ শ্রী সন্দিপ চন্দ্র রায়ের 'কর্মদশকর্মা ভান্ডার'-এর সামনের পাকা রাস্তার ওপর থেকে রহনপুর পুরাতন বাজারের মৃত হাসান আলীর ছেলে মোঃ কাইউম আলী (৩০)-কে আটক করা হয় এবং তার নিকট হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলাকে মাদকমুক্ত করতে এই ধরণের মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: