প্রকাশিত:
১০ জুলাই ২০২৬, ২০:১৯
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২১৭ বোতল অবৈধ নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপ ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। এ সময় দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই ) রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার এসআই মো. জেনারুল শেখের নেতৃত্বে একটি দল উপজেলার বঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. আলম হোসেন ওরফে আলম মেম্বার (৬২)-কে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘরের শয়নকক্ষের কাঠের খাটের নিচ থেকে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।
একই দিন ভোর ৪টা ২৫ মিনিটে একই থানার আরেকটি অভিযানে এসআই মো. জেনারুল শেখের নেতৃত্বে পুলিশ বঙ্গাবাড়ী ইউনিয়নের দারিপাতা কামারপাড়া এলাকার একটি সড়ক থেকে মো. সাহেব আলী (৩৮)-কে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২১৭ বোতল অবৈধ নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক মূল্য ১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা।
গোমস্তাপুর থানার ইনচার্জ মোঃ নুরে আলম জানায়, উদ্ধারকৃত আলামত স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: