প্রকাশিত:
১১ জুলাই ২০২৬, ২১:০১
চাঁপাইনবাবগঞ্জের নারায়নপুর ইউনিয়নের একটি বসতবাড়িতে মজুদকৃত কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১১ জুলাই) বিকেল চারটার দিকে ইউনিয়নের জোহরপুর বেলপাড়া গ্রামের মনিরুল ইসলাম কালুর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, মনিরুল ইসলাম কালুর বাড়িতে ককটেল মজুত ছিল। হঠাৎ বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি তদন্ত করছেন।
প্রশাসনের সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম এলাকায় চিহ্নিত চোরকারবারি এবং তার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। ঘটনার পর থেকে পরিবারটি পলাতক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হুসাইন বলেন, বসতবাড়িতে কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। বাড়িতে দুইবার ককটেল বিস্ফোরণ ঘটে। এতে টিনের চাল উড়ে গেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এছাড়া আইনি প্রক্রিয়া চলমান আছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: