প্রকাশিত:
১৫ জুলাই ২০২৬, ২৩:২৯
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপের ১৯৩ বোতল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) ৫৯ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ দুটি অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানান, গত ১৪ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৯/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার হাউজফুল গ্রামের কেন্দ্রীয় মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এরপর ১৫ জুলাই রাত ১টার দিকে সোনামসজিদ বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় আরও ৫৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।
৫৯ বিজিবি জানায়, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ১০ জন আসামিকে আটক করেছেন। একই সময়ে ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের প্রায় ১১ হাজার ৮৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, "দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: