প্রকাশিত:
২৪ জুলাই ২০২৬, ২৩:২৬
রাজশাহীতে পবা উপজেলায় এক গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম ফরিদা খাতুন (৪০)। তার স্বামী লালন শেখ হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। ফরিদাকে রক্ষা করতে গিয়ে তার ছেলে মো. ফয়সালও গুরুত্বর আহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, ফরিদা খাতুনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছে। আর তার ছেলে ফয়সাল আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।
হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু জানান, লালন শেখের প্রতিবেশী মো. বাবুর ছেলে মো. পরশ (১৮) ছুরিকাঘাত করেছেন বলে তিনি শুনেছেন। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী বাবুর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছেন। এর আগেই পরিবারটি পালিয়েছে। তবে কী নিয়ে ঘটনা সে সম্পর্কে তিনি এখনও বিস্তারিত জানেন না।
যোগাযোগ করা হলে রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, তিনি ঘটনাস্থলে আছেন। কাজে ব্যস্ত আছেন। সবকিছু জেনে বিস্তারিত পরে জানাতে পারবেন।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: