প্রকাশিত:
২৫ জুলাই ২০২৬, ১২:৪৮
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, প্রসাধনী, কনফেকশনারি সামগ্রী ও জিরাসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মক্কা স্কেলের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় শাড়ি, ১৬৬ পিস বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারি আইটেম এবং ৪ কেজি জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৮ হাজার ২১০ টাকা। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: