প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৬, ২৩:২৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আটক মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পোস্টের শিয়ালমারা গ্রামের মো. সানাউল্লাহ (২৮), মো. হারুন-অর-রশিদ (১৯) ও মো. ইয়াসিন আলী (১৯)। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ করা মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার-১৮৫ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ভারতীয় বিভিন্ন মডেলের ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: