প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৬, ১৪:১১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে অবৈধভাবে সার মজুদ এবং নকল কীটনাশক তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিপুল পরিমাণ অবৈধ সার ও নকল কীটনাশক তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিল্লুর রহমান। অভিযানকালে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী অবৈধভাবে সার মজুদ ও বিপণনের অপরাধে ব্যবসায়ী মো: মোশাররফ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাঁর দোকান থেকে ১৩ বস্তা ডিএপি সার জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়। জব্দকৃত সার কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিল্লুর রহমান জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে মেসার্স সদের ট্রেডার্সে পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণে নকল কীটনাশক তৈরির সময় মোঃ সদের আলীকে (৩৮) হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই দোকান ও গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ কেমিক্যাল, প্লাস্টিকের বোতল, প্যাকেটজাত করার মেশিনসহ ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি ও ৩ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। এছাড়া সারের স্টক রেজিস্টারের সাথে প্রকৃত মজুদের ব্যাপক গরমিল পাওয়া যায়।
উপজেলা কৃষি অফিসার জনাব সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে আসামি দোষ স্বীকার করায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিধানে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়; অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
এছাড়া জব্দকৃত রাসায়নিক দ্রব্য ধ্বংস ও ব্যবস্থাপনার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ মালিককে হস্তান্তরের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের জিম্মায় দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হক নাহিদ বলেন, সারের কৃত্রিম সংকট রোধ ও কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: