প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৬, ২১:১৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ ও একটি মোটরসাইকেল আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
৫৯ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধুপপুকুর গ্রামে অভিযান চালায়। এ সময় কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল থেকে কানসাটের দিকে যাওয়ার পথে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে প্রায় ১০০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে এর সঙ্গে থাকা দুটি প্লাস্টিকের ক্যারেট থেকে ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করেন। একই সঙ্গে Apache RTR-160 সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: