[email protected] ঢাকা | মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬, ১৭ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ভারতীয় কসমেটিকস-শাড়িসহ বিপুল পণ্য জব্দ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৬, ১৬:৩০

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩৯৭ পিস ভারতীয় কসমেটিকস, ৩ পিস শাড়ি, ৯১ পিস মলম ও ২৪ পিস কনফেকশনারি জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনামসজিদ আইসিপি চেকপোস্টে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের ওপর তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী প্রতিবেশী দেশের চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশ করে বৈধ পাসপোর্টের আড়ালে অবৈধভাবে অতিরিক্ত পণ্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। সূত্র আরও জানায়, নিয়ম অনুযায়ী মাল্টিপল ভিসায় একজন পাসপোর্টধারী যাত্রী বছরে তিনবার ব্যাগেজ সুবিধা পাওয়ার কথা, যার সর্বোচ্চ মূল্য ৪০০ মার্কিন ডলার। কিন্তু অভিযানে আটক যাত্রীদের মধ্যে কয়েকজন এরই মধ্যে ৭ থেকে ৮ বার বাংলাদেশে ভ্রমণ করেছেন।

বিজিবির ধারণা, ব্যাগেজ সুবিধার নিয়মের অপব্যবহার করে তারা অতিরিক্ত পণ্য বহন করছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ৩৯৭ পিস ভারতীয় কসমেটিকস, ৩ পিস শাড়ি, ৯১ পিস মলম এবং ২৪ পিস কনফেকশনারি জব্দ করেন। জব্দকৃত পণ্য প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, চোরাচালানসহ যেকোনো অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর