প্রকাশিত:
৪ সেপ্টেম্বার ২০২৬, ২২:৫২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর- বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন-মনোয়ারা বেগম (৬০) ও তাঁর স্বামী মফিজুল হক (৭৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মনোয়ারা বেগম ও মফিজুল হকের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি ঘরের ফ্যান ঝোলানোর হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এদিকে মফিজুল হকের ছেলের বউ শাপলা বেগম দাওয়াত শেষে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে তাঁর শাশুড়ি মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানালে তাঁরা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় মনোয়ারা বেগমকে মৃত অবস্থায় এবং মফিজুল হককে ফ্যান ঝোলানোর হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে
পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, পারিবারিক কলহের জেরেই কথাকাটির এক পর্যায়ে স্ত্রীকে হাসুয়া দিয়ে প্রথমে
মফিজুল হক হত্যা করেছে। পরে নিজেই ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্ত করলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: