প্রকাশিত:
৭ সেপ্টেম্বার ২০২৬, ২০:০২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ রেখা আক্তার (৬৪) নামে এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দের নেতৃত্বে অভিযানে পুলিশ, র্যাব ও কাস্টমসের প্রতিনিধিরা অংশ নেন।
অভিযানকালে কেডিসি পাড়ার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রেখা আক্তারের বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, রেখা আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযান শেষে স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, “কেডিসি পাড়ার মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেডিসি পাড়ায় কোনো মাদক ব্যবসায়ীর অস্তিত্ব থাকতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযানের পাশাপাশি যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে। তবে নির্ধারিত সময়ের পর মাদক ব্যবসা চালিয়ে গেলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মাদক ব্যবসা ও মাদকসংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান। এছাড়া আটক রেখা আক্তারের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু ও পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন।
আ.ন/আ.আ
মন্তব্য করুন: