চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে শিকারীদের কাছ থেকে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনিক তদারকিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায় তিন পাখি শিকারী। প্রাথমিক তদন্তে জানা গেছে, পালিয়ে যাওয়া শিকারীরা স্থানীয় অধিবাসী ছিলেন না, বরং অন্য জেলা থেকে এসে সেখানে পাখি শিকার করছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হোসাইন নাহিদ জানান, বন্যপ্রাণী রক্ষায় অভিযান চালিয়ে ২৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়। পরবর্তীতে পাখিগুলো উপজেলা পরিষদে নিয়ে আসা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থানীয় মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
তিনি আরও জানান, পরিবেশের ভারসাম্য ও বন্যপ্রাণী সুরক্ষায় অবৈধ পাখি শিকার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: