প্রকাশিত:
১১ এপ্রিল ২০২৬, ১৭:১২
চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফুঁলকুড়ি ইসলামি একাডেমিতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে 'নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান' সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন এবং সিমস-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সুমন শুভ।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বিদায়ি এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীনদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের একটি বিশেষ অংশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় হিজাব ও ইউনিফর্ম পরিহিত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেওয়ার দৃশ্যটি উপস্থিত সকলকে আনন্দিত করে।
প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: