[email protected] ঢাকা | বুধবার, ২৪শে জুন ২০২৬, ৯ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

মাদকবিরোধী দিবস উপলক্ষে হামিদুল্লাহ স্কুলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৩ জুন ২০২৬, ১৬:০৯

মাদক বিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় সদর উপজেলার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওবায়দুল্লাহ, মো. শফি উদ্দিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

আলোচনা সভায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই।মাদকাসক্তির কারণে তরুণদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এবং সিগারেটই মাদকাসক্তির প্রথম ধাপ। প্রধান অতিথি চৌধুরী ইমরুল হাসান মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি ডোপ টেস্টের গুরুত্ব সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করেন।

অনুষ্ঠান শেষে সংগীতশিল্পী বাবলু মাদকবিরোধী গান পরিবেশন করেন এবং শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার আহ্বান জানান। এ সময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ৭ম থেকে ১০ম শ্রেণির প্রথম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘মাদককে না বলুন’ লেখা ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন এবং শপথবাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর