প্রকাশিত:
২৫ জুন ২০২৬, ২০:৩৪
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদিনা ফজলুল হক সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটি-২০২৬ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ইমানুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আসগার হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সুশৃঙ্খল প্রস্তুতির মাধ্যমে তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. খায়রুল ইসলাম, সহকারী অধ্যাপক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তানিয়া সুলতানা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ইউসুফ আলী এবং শিক্ষার্থীদের পক্ষে আমিনুল ইসলাম, সাব্বির আহমেদ ও আব্দুল হালিম।
এ সময় নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছয়জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন— মানবিক বিভাগ থেকে রাহমাতিকা, শরিফা ও ইমা এবং বিজ্ঞান বিভাগ থেকে তাসনিম ইসলাম, ফারজিয়া আক্তার ও সাহিদা খাতুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক আশিক ইকবাল এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ইসরাত জাহান তুলি। বিদায় সংবর্ধনা শেষে পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: